iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সংগঠন চাঙ্গা করতে মাসিক বৈঠকে জোর ত্রিপুরা বিজেপি-র

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে এবং তৃণমূল স্তরের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে রাজ্য কমিটি, জেলা কমিটি, মণ্ডল কমিটি এবং কো-অর্ডিনেশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার প্রদেশ বিজেপি-র রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।

দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরের বৈঠক নিয়মিত না হওয়ায় দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক সমন্বয়ে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পরই বিষয়টি উপলব্ধি করেন অভিষেক দেবরায়। সেই প্রেক্ষাপটে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে কোর কমিটির বৈঠক ডাকা হয়।

সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি-র সমন্বয়ক তথা সাংসদ ডাঃ সম্বিত পাত্রা, রাজ্য বিজেপি-র প্রভারী ডাঃ রাজদীপ রায়, প্রাক্তন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যসহ কোর কমিটির অন্যান্য সদস্যরা।

বৈঠকে অতীতের সাংগঠনিক কর্মসূচির পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে যে বিগত কয়েক মাস ধরে রাজ্য, জেলা ও মণ্ডল কমিটির মাসিক বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়নি। একইভাবে কো-অর্ডিনেশন কমিটির বৈঠকও কার্যত বন্ধ ছিল। এর ফলে সংগঠনের বিভিন্ন স্তরের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ে ঘাটতি তৈরি হয়েছে বলে মত প্রকাশ করেন নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন, “সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল রাখতে প্রতি মাসে নিয়মিতভাবে রাজ্য, জেলা, মণ্ডল এবং কো-অর্ডিনেশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পালন করা হবে।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রাজ্য ও জেলা কমিটির পুনর্গঠন প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। সংগঠনের প্রতিটি স্তরে নতুন উদ্যমে কাজ শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কোর কমিটির বৈঠকে সাম্প্রতিক ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে বিজেপি-র প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি টিটিএএডিসি এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন সংগঠনের নির্বাচনী ফলাফল নিয়েও পর্যালোচনা করা হয়।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন, আগরতলা পুর নিগমসহ রাজ্যের বিভিন্ন নগর স্থানীয় সংস্থার সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় বুথস্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক কৌশলগত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক মহলের মতে, নতুন প্রদেশ সভাপতির নেতৃত্বে বিজেপি আগামী দিনের নির্বাচনী লড়াইকে সামনে রেখে সংগঠনকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। সোমবারের কোর কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলি সেই লক্ষ্য পূরণের দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *